যাত্রাবাড়ীতে এসআরবি-১০ এর মাদক বিরোধী অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ৩৪ লাখ টাকা’সহ ২ কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫২ বার দেখা হয়েছে
নিজেস্ব প্রতিবেদক: ঢাকা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও মোবাইলসহ মাদক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। গতকাল মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-১ (যাত্রাবাড়ী ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৭২,৯০০ টাকা মূল্যের ২৪৩ পিস ইয়াবা, ৬,৬০০ টাকা মূল্যের ২২ পুরিয়া হেরোইন এবং ১টি বিয়ারের ক্যানসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মোঃ হাসান (২৭), পিতা: মেছের আলী, সাং: দক্ষিণ শেখদি, যাত্রাবাড়ী। ২. মোঃ রোহান ইসলাম (২২), পিতা: মোঃ রিপন সিকদার, সাং: শনির আখড়া, থানা: যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৩,৮৬,৭৩০ (তেত্রিশ লক্ষ ছিয়াশি হাজার সাতশত ত্রিশ) টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১০ এর পক্ষ থেকে জানানো হয়, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
















