ট্রাফিক পুলিশের তৎপরতায় যাত্রাবাড়ীতে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ৫১ বার দেখা হয়েছে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন আব্দুল পারভেজ হৃদয় (২২)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী ২ নম্বর সিগন্যাল এলাকায় অবৈধ ফলের মার্কেট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযান চলাকালে স্থানীয় লোকজনের চিৎকার শুনতে পান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা।
স্থানীয়রা পুলিশকে জানায়, এক ব্যক্তি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বুঝে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দেন এবং স্থানীয় জনগণের সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।
ট্রাফিক পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















