টুঙ্গিপাড়ায় জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, আদালতে মামলা দায়ের
- আপডেট সময় : ১২:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ২৩ বার দেখা হয়েছে
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি;
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাইতে গিয়ে মারধর ও হত্যার হুমকির শিকার হয়েছেন ভুক্তভোগী প্রভাষ মণ্ডল (৩৫)। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে টুঙ্গিপাড়া আমলি আদালতে একটি সি.আর. মামলা (নম্বর: ৫৪৮/২০২৬) দায়ের করেছেন।
মামলার বাদী প্রভাষ মণ্ডল টুঙ্গিপাড়া উপজেলার বরইহাটি এলাকার বাসিন্দা। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—বিপ্রদাস মণ্ডল, বিতুল মণ্ডল (৩২) এবং বীরেন মণ্ডল (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা জাপানে উচ্চ বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে প্রভাষ মণ্ডলসহ আরও দুজনের কাছ থেকে মোট ১৬ লাখ টাকা নেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হওয়ায় ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চান।
গত ৭ অক্টোবর অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান প্রভাষ মণ্ডল। ওই সময় তাকে টাকা দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে যোগাযোগ করা হলে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রভাষ মণ্ডলের দাবি, টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ধরনা দিয়েও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তী সময়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
















