ডিমলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা: ঐতিহাসিক চেতনা ধারণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
- আপডেট সময় : ১১:২১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৯১ বার দেখা হয়েছে
মোঃ ইমরান ইসলাম, রংপুর//
নীলফামারীর ডিমলা উপজেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিমলা উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সদস্য মোঃ মনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এর গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আদর্শ ও চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং উন্নয়নের পথে এগিয়ে যেতে সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল উপজেলা প্রশাসন, ডিমলা, নীলফামারী।












