সর্বশেষ সংবাদ :
ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই সফল অভিযান, নূর নবীর লুট হওয়া ঘটনায় গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
আব্দুল হাসিব
- আপডেট সময় : ০৪:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ২৫ বার দেখা হয়েছে
ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় এক কর্মজীবী ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।
ভুক্তভোগী নূর নবী জানান, গত ১৭ জুলাই রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সনিরবিল এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তার কাছ থেকে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর আদাবর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে ১৮ জুলাই সকালে আদাবর বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের তিন সদস্য—নয়ন, শাকিল ও ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া শাকিল ও ইয়াসিন এর আগে একটি ছিনতাই মামলায় প্রায় দুই মাস কারাভোগ করেছিলেন। কারামুক্ত হওয়ার পর তারা আবারও ছিনতাই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “যেকোনো সন্দেহজনক তথ্য বা অপরাধের খবর দ্রুত থানায় জানাতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আদাবর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
ওসি জাহিদুল ইসলাম জানান, দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অতীতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তবুও অসুস্থতা উপেক্ষা করে তিনি ও তার টিম এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ছিনতাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস:





















