মানব পাচার ও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে যশোরের হাসান, তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি
- আপডেট সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ৮ বার দেখা হয়েছে
যশোর জেলা।।
যশোরের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা হাসান (পিতা: রফিকুল)-এর বিরুদ্ধে মানব পাচার এবং বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন তিনি। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। এ ঘটনায় একাধিক ভুক্তভোগী আর্থিক ও বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়েছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, হাসান মালয়েশিয়া আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং সেই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তার করেছেন।
এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে, তিনি দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হাসানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে সংবাদে যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।






















