সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা, আদেশ পুনর্বিবেচনার দাবি
- আপডেট সময় : ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ২৭ বার দেখা হয়েছে
নওগাঁর রানীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের বদলির আদেশের খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষ তার কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখেছেন বলে তারা জানান।
স্থানীয়দের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জনগণের সমস্যার দ্রুত সমাধান এবং সেবার মান উন্নয়নে আন্তরিক ছিলেন। ফলে অল্প সময়ের মধ্যেই উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন সৎ, দক্ষ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
এমন একজন জনবান্ধব কর্মকর্তার বদলির আদেশে সাধারণ মানুষের মধ্যে হতাশা নেমে এসেছে। উপজেলার সচেতন নাগরিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বদলির আদেশ পুনর্বিবেচনা করে তাকে রানীনগরেই বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, জনস্বার্থ ও চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে বিষয়টি মানবিক ও ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, জনগণের এই আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বদলির আদেশ স্থগিত বা পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে।






















