দিনাজপুর বিরামপুরে দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি
- আপডেট সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২৭ বার দেখা হয়েছে
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নম্বর দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রেজওয়ান আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক, পরিবেশ ও সমাজের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মাস্টার, দিওড় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পাঁচটি করে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগাছের মধ্যে ছিল আম, লিচু, কাঁঠাল, সুপারি, নিম ও মেহগনি।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
আয়োজকদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির প্রাঙ্গণে এসব চারাগাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব দিওড় ইউনিয়ন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচির শেষে উপস্থিত সবার প্রতি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।






















