মহাররম অন্যায়ের সঙ্গে আপোষ না করার শিক্ষা দেয় : ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান
- আপডেট সময় : ০৭:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫৮ বার দেখা হয়েছে
নিউজ ডেক্স: বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, পবিত্র মহাররম মুসলিম উম্মাহর জন্য কেবল হিজরি নববর্ষের সূচনা নয়; এটি সত্য, ন্যায়, মানবিক মর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঐতিহাসিক শিক্ষা বহন করে। কারবালার ঘটনা যুগে যুগে মানুষকে জুলুম, অবিচার, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের প্রেরণা দিয়ে আসছে।
আজ (শুক্রবার) পবিত্র আশুরা উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, মহাররমের শিক্ষা হলো- ক্ষমতা, সুবিধা কিংবা ভয়ভীতির কাছে নীতি ও আদর্শকে বিসর্জন না দেওয়া। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণের প্রশ্নে আপোষহীন অবস্থানই কারবালার চেতনার মূল বার্তা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইনসাফ, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া টেকসই শান্তি ও কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, বৈষম্য, দুর্নীতি, প্রতিহিংসা এবং গণমানুষের অধিকার উপেক্ষার যে প্রবণতা সমাজে দেখা যায়, তা থেকে উত্তরণের জন্য কারবালার শিক্ষা প্রাসঙ্গিক। জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, মানবিক মর্যাদা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি প্রতিষ্ঠা সময়ের দাবি।
ডাঃ ইরান আরও বলেন, বাংলাদেশ লেবার পার্টি শুরু থেকেই বৈষম্যহীন, ইনসাফভিত্তিক এবং জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে। ধর্ম–কর্ম–সাম্যবাদের আদর্শিক ভিত্তিতে জনগণের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মহাররমের আত্মত্যাগ, নৈতিক দৃঢ়তা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণের শিক্ষা ব্যক্তি ও জাতীয় জীবনে ধারণ করতে হবে। বিভাজন নয়- ন্যায়, সহমর্মিতা, জবাবদিহিতা ও মানবিক রাষ্ট্রচিন্তার মধ্য দিয়েই একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।






















