মতিঝিলে মেট্রো স্টেশন সংলগ্ন সড়কে পেট্রল বোমা নিক্ষেপ, অবিস্ফোরিত বোমা উদ্ধার
- আপডেট সময় : ১১:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ২৯ বার দেখা হয়েছে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকার মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ছাতার ভেতরে পেঁচানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে এই বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। আলামত সংগ্রহ ও নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছেন।
বোমা বিস্ফোরণের ফলে নিরাপত্তার কারণে ওই সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করেই মতিঝিল মেট্রো স্টেশনের নিচের সড়কে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তল্লাশির একপর্যায়ে রাস্তার ওপর থাকা একটি ছাতার ভেতরে অভিনব কায়দায় পেঁচানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা দেখতে পান তারা। পরে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়।
বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।






















